বাংলা খুদেবার্তা বাস্তবায়নে এগিয়ে বাংলালিংক, পিছিয়ে রবি

২০ ফেব্রুয়ারি, ২০২২ ১২:১০  
গ্রাহকের কাছে বাংলা খুদে বার্তা দেয়ার মিশনে সবচেয়ে এগিয়ে আছে মোবাইল অপারেটর বাংলালিংক। এক্ষেত্রে মাত্র ৫ শতাংশ কাজ বাকি আছে এই অপারেটরটির। এর পরেই রয়েছে গ্রাহক সংখ্যায় সবচেয়ে এগিয়ে থাকা গ্রামীণফোন। অপারেটরটি খুদেবার্তার বাংলাকরণের ৯০ শতাংশ কাজ সম্পন্ন করেছে। রাষ্ট্রীয় অপারেটর টেলিটক ৮৫ শতাংশ বাংলা এসএমএস বাস্তবায়নের কাজ সম্পন্ন করেছে। চার অপারেটরের মধ্যে তলানিতে থাকা রবি এই বাস্তবায়নের কাজ সম্পন্ন করেছে ৭৮ শতাংশ। রবিবার বিটিআরসি সম্মেলন কেন্দ্রে দেয়া উপস্থাপনায় এই তথ্য উপস্থাপন করেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। তিনি জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে ৯১ শতাংশ খুদে বার্তা বাংলা করণ করা সম্ভব হবে। দৈনিক ১৫১ কোটি ৮৫ লাখ খুদে বার্তা দেয়া হয় গ্রাহককে। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে প্রথমে বাংলালিংক ও গ্রামীণ ফোনের পক্ষ থেকে তাদের বাংলা এসএমএস বাস্তবায়ন কার্যক্রম মন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেচ্ছাচার ব্যহার দুঃখ প্রকাশ করে প্রযুক্তি দুনিয়ায় বাংলা ভাষার সঠিক ও সম্মানজনক ব্যবহারের প্রতি সবাইকে আহ্বান জানান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। এরপর এই উদ্যোগের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি দায়বদ্ধতা প্রকাশে টেলিটক ব্যবস্থাপনা পরিচালক শাহব উদ্দিন, রবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী রিয়াজ রশীদ স্বস্তি প্রকাশ করেন। বাংলালিংক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাইমুর রহমান বলেন, এর মাধ্যমে আমরা আমাদের নামের সঙ্গেই সঙ্গতিপূর্ণ। আর এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, আমাদের সন্তানরা প্রযুক্তিতেও সব সমস্যা দিতে পারেন।